সচিবালয়ে অগ্নিকাণ্ডের সময় কর্তব্যরত অবস্থায় ট্রাক দুর্ঘটনায় নিহত দমকলকর্মী স্বানুর জামানের (২৪) পরিবারকে ৫ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী স্বানুরের বাবা মোঃ আখতারুজ্জামানের কাছে টাকা হস্তান্তর করেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অনুদানের সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল, স্বানুরের একমাত্র বোন সীমা আক্তার ও তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর স্বানুরের পরিবারকে এক লাখ টাকা এবং দাফন খরচ বাবদ ৫০ হাজার টাকা দেয়। দমকলকর্মী স্বানুরের গ্রামের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার আটপুনিয়া গ্রামে।























