আওয়ামী লীগের দুর্নীতিকে রাজনৈতিক বিতর্কে ঢেকে ফেলা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আওয়ামী লীগ আমলে বিদ্যুৎ খাতে দুর্নীতি ও অনিয়মের কথা জনগণকে জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ সরকার দুর্নীতির মাধ্যমে বিদ্যুৎ খাতকে অনিয়মের রাজ্যে পরিণত করেছে। কিন্তু সেই দুঃশাসন লুকিয়ে যাচ্ছে রাজনৈতিক বিতর্কে। ক্ষমতায় এলে তাদের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এরপর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু দীর্ঘ ১৭ বছরের বিদ্যুৎ খাতে আওয়ামী লীগের দুর্নীতির কথা তুলে ধরেন।
তিনি বলেন, আওয়ামী লীগের দুর্নীতি ও লুটপাটের কারণে বিদ্যুৎ খাতে চরম অনিয়ম হয়েছে। ২০০৯ সাল থেকে আওয়ামী লীগ কৃত্রিম বিদ্যুৎ সংকট সৃষ্টি করে জনমনে ভীতি সৃষ্টি করে। যাতে তাদের দুর্নীতির চেহারা জনগণের সামনে প্রকাশ না হয়।
বিদ্যুৎ খাত থেকে দুর্নীতির টাকা বিদেশে পাচার করাই আওয়ামী লীগের মূল লক্ষ্য দাবি করে টুকু আরও বলেন, ‘আওয়ামী লীগ বিদ্যুৎ খাতকে ব্যবসায়িক খাতে পরিণত করেছে। তারা বিদ্যুৎ খাতকে দ্রুত অর্থ উপার্জনের জায়গা বানিয়েছে। ক্যাপাসিটি চার্জের নামে জনগণের পকেট থেকে টাকা হাতিয়ে নিয়েছে দলটি।
পতিত আওয়ামী লীগের বিদ্যুৎ খাতে দুর্নীতির কারণে 2027 সাল থেকে দেশ মারাত্মক বৈদেশিক মুদ্রা সংকটের মুখে পড়বে বলেও আশঙ্কা করছেন এই বিএনপি নেতা।





















